নিজস্ব প্রতিবেদক,
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ) আসনে বড় ব্যবধানে বিজয় অর্জন করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, হাটহাজারী উপজেলা ও বায়েজিদ আংশিক এলাকা নিয়ে গঠিত এই আসনের ১৪৩টি ভোটকেন্দ্রের ফলাফলে ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার মীর হেলাল পেয়েছেন ১,৪৩,৯৬৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা নাছির উদ্দিন মুনির প্রায় ৪৪ হাজার ভোট পান। ফলে প্রায় এক লক্ষ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত হয় বিএনপি প্রার্থীর।
ফলাফল ঘোষণার পর হাটহাজারী ও বায়েজিদ এলাকায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। বিভিন্ন স্থানে মিছিল, মিষ্টি বিতরণ এবং শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে বিজয় উদযাপন করা হয়।
বিজয়ের প্রতিক্রিয়ায় ব্যারিস্টার মীর হেলাল বলেন, “হাটহাজারী-বায়েজিদের জনগণ আমাকে যে আস্থা ও সমর্থন দিয়েছেন, তার জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ। আমি এই এলাকার সার্বিক উন্নয়ন ও মানুষের প্রত্যাশা পূরণে কাজ করে যাব।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, চট্টগ্রাম-৫ আসনে বড় ব্যবধানে এই ফলাফল স্থানীয় রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করবে।
নিউজটি পোস্ট করেছেন :
ডেস্ক রিপোর্ট