যশোর প্রতিনিধি:
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোরের বাঘারপাড়া উপজেলায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ১০টি শক্তিশালী গ্রেনেড ও ৩টি বিদেশি পিস্তল। আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, নির্বাচনকে কেন্দ্র করে বড় ধরনের নাশকতার পরিকল্পনা থেকেই এসব অস্ত্র মজুত করা হয়েছিল।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেল ৩টা ৫০ মিনিটে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ সমন্বয়ে অভিযানটি পরিচালিত হয়। যশোরের বাঘারপাড়া উপজেলার ধলগ্রাম ইউনিয়নের দড়িআগ্রা গ্রামের বাসিন্দা চুন্নু মোল্লার বাড়িতে এই অভিযান চালানো হয়।
সেনাবাহিনীর ক্যাপ্টেন আকিবের নেতৃত্বে পরিচালিত অভিযানে বাড়িটি থেকে উদ্ধার করা হয় ১০টি গ্রেনেড, ৩টি বিদেশি পিস্তল (৭.৬৫ এমএম, যুক্তরাষ্ট্রে নির্মিত), ১৯ রাউন্ড পিস্তলের গুলি, একটি চাপাতি, একটি ছুরি ও একটি খুর।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, অভিযান শুরুর আগেই বাড়ির সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় চুন্নু মোল্লার ছেলে রায়হান মোল্লা (২৮)-কে মূল অভিযুক্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে অস্ত্র আইনে একাধিক মামলা ও অভিযোগ রয়েছে।
যৌথ বাহিনীর কর্মকর্তারা জানান, উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরক সাধারণ মানুষের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এগুলো ব্যবহার করে বড় ধরনের সহিংসতা ও নাশকতার পরিকল্পনা করা হয়ে থাকতে পারে। পলাতক আসামিকে গ্রেপ্তারে এলাকায় চিরুনি অভিযান অব্যাহত রয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এর আগে একই দিনে যশোর-৪ আসনের অভয়নগর উপজেলার নূরবাগ এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত আরেকটি যৌথ অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় অস্ত্রসহ রাকিব সরদার (২৭) নামের এক যুবককে আটক করা হয়।
মধ্যরাতে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভয়নগর থানাধীন নওয়াপাড়া পৌরসভার নূরবাগ এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়। আটক রাকিব সরদার ওই এলাকার বাসিন্দা।
অভিযানে তার হেফাজত থেকে একটি পিস্তল, একটি পিস্তল ম্যাগাজিন, ৩২ রাউন্ড পিস্তলের গুলি, একটি শর্টগানের ব্যারেল, শর্টগান বাট স্টক, শর্টগান বুলেট, একাধিক মাজেল কাভার, ওয়েল ব্রাস, বিপুল পরিমাণ খালি ও ব্যবহৃত কার্তুজ উদ্ধার করা হয়। এছাড়া সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত একাধিক মোবাইল ফোন, মাদক সেবনের সরঞ্জাম, চারটি চাকু, একটি কুরাল ও একটি ধারালো ব্রেলেট উদ্ধার করা হয়।
নিরাপত্তা বাহিনীর সূত্র জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামগুলো ব্যবহার করে আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে যেকোনো ধরনের নাশকতা ও সহিংসতা রোধে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
নিউজটি পোস্ট করেছেন :
ডেস্ক রিপোর্ট