হাটহাজারী প্রতিনিধি | অনলাইন ডেস্ক
চট্টগ্রাম–৫ (হাটহাজারী–বায়েজিদ আংশিক) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, “হাটহাজারী আমার শেষ ঠিকানা। জনগণের ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পালনের সুযোগ পেলে উন্নয়ন, শিক্ষা, সংস্কৃতি, শান্তি ও সম্প্রীতির এক অনন্য হাটহাজারী গড়ে তুলবো।”
মঙ্গলবার দিনব্যাপী তিনি গুমানমর্দন, নাঙ্গলমোড়া ও ছিপাতলী এলাকায় ব্যাপক গণসংযোগ ও একাধিক পথসভায় এসব কথা বলেন।
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি গুমানমর্দন, পেশকারহাট, চৌমুহনী বাজার, নাঙ্গলমোড়া ও ছিপাতলীর বিভিন্ন গ্রাম, বাজার ও জনবহুল এলাকায় সাধারণ ভোটারদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং কুশল বিনিময় করেন। এ সময় এলাকাজুড়ে সাধারণ মানুষের ঢল, উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক জনসমাগম লক্ষ্য করা যায়।
পথসভায় বক্তব্যে মীর হেলাল বলেন, “শিক্ষা বিস্তার, সংস্কৃতি চর্চা, যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি, আধুনিক অবকাঠামো উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা আমার প্রধান অঙ্গীকার। আমি প্রতিহিংসার রাজনীতি নয়, উন্নয়ন ও ঐক্যের রাজনীতিতে বিশ্বাস করি।”
তিনি ভোটারদের উদ্দেশে বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি আপনারা পরিবার, আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের সঙ্গে নিয়ে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রাখবেন।”
এ সময় ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ, আশাবাদ ও ইতিবাচক সাড়া দেখা যায়। অনেক সাধারণ মানুষ বলেন, তারা উন্নয়ন, ন্যায়বিচার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রত্যাশায় মীর হেলালের নেতৃত্বকে স্বাগত জানাচ্ছেন।
গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দিন (চেয়ারম্যান), নুরনবী তালুকদার, সালাউদ্দিন আলী, ডা. আব্দুল খায়ের, কামাল উদ্দিন, হোসেন মেম্বার, তকিবুল হাসান চৌধুরী (তকি) ও মোহাম্মদ আলমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চট্টগ্রাম–৫ আসনে নির্বাচনী প্রচারণা দিন দিন তীব্রতর হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মাঠপর্যায়ে সক্রিয়তা ও জনসম্পৃক্ততায় বিএনপি প্রার্থী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন শক্ত অবস্থান তৈরি করছেন।
নিউজটি পোস্ট করেছেন :
ডেস্ক রিপোর্ট