নির্বাচনি দায়িত্ব পালন শেষে ফেরার পথে চট্টগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী-এর এক সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১০ জন সদস্য গুরুতর আহত হন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত প্রায় ১টার দিকে চট্টগ্রামের কর্ণফুলী টানেল সড়কের চৌরাস্তামোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বাহিনীর উপপরিচালক মো. আশিকউজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, নির্বাচনি দায়িত্ব শেষে ২৩ জন আনসার সদস্য বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের রেলিংয়ে উঠে উল্টে যায়। ঘটনাস্থলেই আনসার সদস্য মো. আব্দুল জব্বার মারা যান।
আহতদের মধ্যে তিনজনকে চট্টগ্রাম বিএনএস হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) এবং সাতজনকে এইচডিইউতে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকরা কয়েকজনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন।
নিহত মো. আব্দুল জব্বারের বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়ায়। তিনি পতেঙ্গাস্থ মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড-এ কর্মরত ছিলেন এবং অঙ্গীভূত আনসার সদস্য হিসেবে নির্বাচনি দায়িত্ব পালন করছিলেন।
ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। তিনি নিহত সদস্যের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। একই সঙ্গে আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
আনসার বাহিনী জানায়, সম্প্রতি সারাদেশে নির্বাচনি দায়িত্বে আনসার ও ভিডিপির ৫ লাখ ৭৬ হাজারেরও বেশি সদস্য নিয়োজিত ছিলেন।
নিউজটি পোস্ট করেছেন :
ডেস্ক রিপোর্ট